ঝুমুর খেমটা
ও তুই যাসনে রাইকিশোরী কদমতলাতে।
সেথা ধরবে বসন-চোরা ভূতে
পারবিনে আর পালাতে।
সে ধরলে কি আর রক্ষে আছে,
তোর বসন গিয়ে উঠবে গাছে,
ওলো গোবর্ধন-গিরিধারী সে
পারবিনে তায় টলাতে।
দেখতে পেলে ব্রজবালা,
ঘট কেড়ে সে ঘটায় জ্বালা,
ওলো নিজেই গলে জল হবি তুই
পারবিনে তায় গলাতে।
ঠেলে ফেলে অগাধ-নীরে
সে হাসে লো দাঁড়িয়ে তীরে,
শেষে ভাসিয়ে নিয়ে প্রেম-সাগরে
ওলো দোলায় নাগরদোলাতে।
Discussion
Public comments for O Tui Jashne Raikishori Kadomtalate are available on the discussion page.
View discussion