ওই কাজল-কালো চোখ
আদি কবির আদি রসের
যেন দুটি শ্লোক।
ওই কাজল-কালো চোখ॥
পুষ্প-লতার পত্রপুটে
দুটি কুসুম আছে ফুটে,
সেই আলোকে রেঙে ওঠে
বনের গহন লোক (গো)
আমার মনের গহন লোক॥
রূপের সায়র সাঁতরে বেড়ায়
পানকৌড়ি পাখি
ওই কাজল-কালো আঁখি।
মদির আঁখির নীল পেয়ালায়
শরাব বিলাও নাকি,
মদালসা সাকি!
তারার মতো তন্দ্রাহারা
তোমার দুটি আঁখিতারা
আমার চোখে চেয়ে চেয়ে
অশ্রুসজল হোক॥
Discussion
Public comments for Oi Kajol Kalo Chokh are available on the discussion page.
View discussion