ওমা উমা, এ আনন্দ কোথা রাখি বল্
নগরে উঠেছে কি আনন্দ কোলাহল।
সবাই বলে ও রানী মা! নাইক উমার গুনের সীমা,
পায়ের ধুলো দিয়ে, হেসে, নাশে অমঙ্গল।
ও নয়, মা, সামান্য মেয়ে, তুই ধন্য হলি ওরে পেয়ে,
যে-ঘরে যায়, ধনে জনে সেই ঘরই উজল।
লক্ষ লক্ষ মূর্তি ধরে আবির্ভূতা লক্ষ ঘরে,
শক্তিরূপা ব্রহ্মময়ী বলছে ভক্তদল!
জন্ম অন্ধ ছিল কজন মা মা বলে কল্লে ভজন,
উমা হাত বুলিয়ে নয়ন দিল-দেখবি যদি চল।
ওমা গৌরি! একি কান্ড পাগল কল্লি এ ব্রহ্মাণ্ড
আমার শুধু চক্ষে ঠুলি, এমনি কর্মফল!
না, না, উমা, দিসনে নয়ন, ভাঙিসনে মা, সুখের স্বপন,
তুই আদ্যাশক্তি, ভাবতে আমার চক্ষে আসে জল।
স্বপ্ন যদি হয়, মা তারা, করিসনে মা, স্বপ্নহারা।
আমি কন্যাহারা হতে নারি আমার এক মেয়ে সম্বল।।
Discussion
Public comments for Oma Uma, E Anando Kotha Rakhi Bol are available on the discussion page.
View discussion