রাই, আজু কেন হেন দেখি।
আঁখু ঢুলু ঢুলু, ঘুমেতে আকুল,
জাগিয়াছ বুঝি নিশি।।
রসের ভরেতে, অঙ্গ নাহি ধরে,
বসন পড়িছে খসি।
স্বরূপ করিয়া, কহনা আমারে,
মনের মরম সখি।।
এক কহিতে, আন কহিতেছে,
বচন হইয়া হারা।
রসিয়ার সনে, কিবা রস রঙ্গে,
সঙ্গ হয়েছে পারা।।
ঘন ঘন তুমি, মুড়িতেছ অঙ্গ,
সঘনে নিশ্বাস ছাড়।
স্বরূপ করিয়া, কহনা কহসি,
কপট কেন বা কর।।
ভালের সিন্দূর, আধেক আছয়ে,
নয়নে আধ কাজল।
চাঁদ নিঙ্গাড়িয়া, এমন করিয়া,
কেবা নিল এ সকল।।
চণ্ডীদাসে কয়, যেবা সেই হয়,
ভালে ভুলাইলে কাজ।
সঙ্গের সঙ্গিনী, বঞ্চিতে নারিবে,
কিবা কর আর লাজ।।
Discussion
Public comments for Rai Aju Keno Heno Dekhi are available on the discussion page.
View discussion