রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর।
প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর।।
হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে।
পরাণ পিরীতি লাগি থির নাহি বাঁধে।।
সই কি আর বলিব।
যে পুনি কর্যাছি মনে সেই সে করিব।।ধ্রু।।
দেখিতে যে সুখ উঠে কি বলিব তা।
দরশপরশ লাগি আউলাইছে গা।।
হাসিতে খসিয়া পড়ে কত মধুধার।
লহুলহু হাসে পহু পিরীতির সার।।
গুরুগরবিত-মাঝে রহি সখীরঙ্গে।
পুলকে পুরয়ে তনু শ্যাম-পরসঙ্গে।।
পুলক ঢাকিতে করি কত পরকার।
নয়নের ধারা মোর বহে অনিবার।।
ঘরের যতেক সভে করে কানাকানি।
জ্ঞান কহে লাজঘরে ভেজাইলুঁ আগুনি।।
Discussion
Public comments for Roop Lagi Ankhi Jhure Gune Mon Bhor are available on the discussion page.
View discussion