সতের সঙ্গে, পিরীরি করিলে,
সতের বরণ হয়।
অসতের বাতাস, অঙ্গেতে লাগিলে,
সকলি পলায়ে যায়।।
সোণার ভিতরে, তামার বসতি,
যেমন বরণ দেখি।
রাগের ঘরেতে, বৈদিক থাকিলে,
রসিক নাহিক লেখি।।
রসিকের প্রাণ, যেমতি করয়ে,
এমতি কহিব কারে।
টলিয়া না টলে, এমতি বুঝায়া,
মরম কহিব তারে।।
এমতি করণ, যাহার দেখিব,
তাহার নিকটে বসি।
চণ্ডীদাস কয়, জনমে জনমে,
হয়ে রব তার দাসী।।
Discussion
Public comments for Soter Shonge Piriri Korile Soter Boron Hoy are available on the discussion page.
View discussion