অহেতুক আজ কথা না বাড়ানো ভাল
এসো সরাসরি হিসেবের খাতা আনি।
আর কতবার লাল দাগ দিয়ে পাতায়
আঁচড় কাটবে অন্ধকারের গ্লানি?
চোখে চোখ রেখে কথা বলবার দিন
সরিয়ে রেখে গুটিয়ে থাকার ভয়।
কড়া ভাষা দিয়ে বুঝিয়ে দিতেই হবে
শরীর উপাদেয় মাংসপিণ্ড নয়!
তর্জনী আজ বিচার চাইবে সোজা
মিথ্যে ধুলোর ঝাপটা দিও না চোখে।
সব সান্ত্বনা, নমনীয় কথা থাক।
বহু কুমির আজ ব্যথায় কাতর শোকে!
এসো সুবিচার, রাজপথ দিয়ে এসো।
যেখানে এখনও রক্তের দাগ,ছাই…
গলা তুলে আর গলা খুলে নির্ভয়ে
প্রতিটা কামড়,ক্ষত’র জবাব চাই…
আমাদেরই আজ বুঝে নিতে হবে সব!
দেখে নিতে হবে অপরাধীদের শেষও।
তোমাকে যতই শেকলে বাঁধতে চাক
এসো সুবিচার, রাজপথ দিয়ে এসো।
ভিক্টোরিয়ায় ডানা মেলে দেবে পরী।
অকালবোধনে সজ্জিত হবে দেশও…
তিলোত্তমার নিথর লাশের কসম
এসো সুবিচার, রাজপথ দিয়ে এসো
এসো সুবিচার, রাজপথ দিয়ে এসো…
যেখানে এখনও রক্তের দাগ,ছাই…
গলা তুলে আর গলা খুলে নির্ভয়ে
প্রতিটা কামড়,ক্ষত’র জবাব চাই…
প্রতিটা কামড়,ক্ষত’র জবাব চাই…
প্রতিটা কামড়,ক্ষত’র জবাব চাই…
Discussion
Public comments for Subichar Esho are available on the discussion page.
View discussion