শুরু করি লয়ে নাম মহান আল্লার,
যিনি সব দয়া-কৃপা-করুণা-আধার।
শপথ রবি ও রবি-কিরণের
যখন চন্দ্র চলে সে পিছনে তার,
দিবস যখন করে সপ্রকাশ
রবিরে, রজনি অন্ধকার,
যখন ছাইয়া ফেলে সে রবিরে;
নভঃ-নির্মাণকারী তাহার;
এই সে পৃথিবী সবিস্তার;
আত্মা, সুচারু গঠন তার।
সেই আত্মার সৎ ও অসতের
দিয়াছি দিব্য জ্ঞান,
এই সকলের শপথ ইহারা
সকলে করিছে সাক্ষ্য দান –
আত্মাশুদ্ধি হইল যার,
নিশ্চয় সার্থক জীবন,
আত্মায় কলুষিত করিল যে
চির-বঞ্চিত হল সে জন।
সত্যেরে বলিল মিথ্যা
‘সামুদ’ জাতি সে গর্বভরে
অগ্রসর হল হতভাগ্যেরা
(রসুলেরে নাহি গ্রহণ করে)।
কহিলেন রসুল খোদার প্রেরিত
–সলিল করিতে পান
ওই আল্লার উটেরে
দিয়ো নাকো বাধা বধো না প্রাণ।
বলিল নবিরে মিথ্যাবাদী
তথাপি তাহারা বধিল উটেরে,
তাহাদের তাই পাপের ফলে
বিধ্বস্ত করিল আল্লা তাদেরে।
ধূলিসাৎ করে ফেলিলেন খোদা
তাদেরে; এই সে ধ্বংস-লীলার
পরিণাম ফলে বে-পরোয়া তিনি
কোনো ভয় কভু নাই তাঁর।
Discussion
Public comments for Surah Shams are available on the discussion page.
View discussion