তোমার নামে একি নেশা
হে প্রিয় হজরত!
যত ডাকি তত কাঁদি
মেটে না হস্রত।।
কোথায় আরব কোথায় এ হিন্দ্
নয়নে মোর নাই তবু নিন্দ
আমার প্রাণে শুধু জাগে তোমার
মদিনার ঐ পথ।।
কে বলে তুমি গেছ চলে হাজার বছর আগে
আছ লুকিয়ে তুমি প্রিয়তম আমার অনুরাগে।
মোর অন্তরের হেরা গুহায়
আজোও তোমার ডাক শোনা যায়
জাগে আমার প্রেমের ‘কাবা’ ঘরে
তোমারি সুরত।।
যারা দোজখ হতে ত্রাণের তরে তোমায় ভালোবাসে,
আমার এ প্রেম দেখে তারা কেউ কাঁদে কেউ হাসে।
তুমি জান, হে মোর স্বামী, শাফায়াৎ চাহি না আমি
আমি শুধু তোমায় চাহি তোমার হজরত তোমার মুহব্বত।।
Discussion
Public comments for Tomar Name Eki Nesha He Priyo Hazrat are available on the discussion page.
View discussion