তুমি তো সেই যাবেই চ’লে, কিছু তো না রবে বাকি—
আমায় ব্যথা দিয়ে গেলে জেগে রবে সেই কথা কি॥
তুমি পথিক আপন-মনে
এলে আমার কুসুমবনে,
চরণপাতে যা দাও দ’লে সে-সব আমি দেব ঢাকি॥
বেলা যাবে আঁধার হবে, একা ব’সে হৃদয় ভ’রে
আমার বেদনখানি আমি রেখে দেব মধুর ক’রে।
বিদায়-বাঁশির করুণ রবে
সাঁঝের গগন মগন হবে,
চোখের জলে দুখের শোভা নবীন ক’রে দেব রাখি॥
Discussion
Public comments for Tumi To Sei Jabei Chole are available on the discussion page.
View discussion