আলো মুঞি কেন গেলুঁ কাইন্দীর কূলে।
চিত হরি কালিয়া নাগর নিল ছলে।।
রূপের পাথারে আঁখি ডুবি সে রহিল।
যৌবনের বনে মন হারাইয়া গেল।।
ঘরে যাইতে পথ মোর হৈল অফুরান।
অন্তরে বিদরে হিয়া ফুকরে পরাণ।।
চন্দনচাঁদের মাঝে মৃগমদ-ধাঁধা।
তার মাঝে হিয়ার পুতলী রৈল বাঁধা।।
কটি পীতবসন রশন তাহে জড়া।
বিধি নিরমিল কুলকলঙ্কের কোঁড়া।।
জাতি কুল শীল সব হেন বুঝি গেল।
ভুবন ভরিয়া মোর কলঙ্ক রহিল।।
কুলবতী সতী হৈয়া দু-কুলে দিলুঁ দুখ
জ্ঞানদাস কহে দঢ় করি বাঁধ বুক।।
Discussion
Public comments for Alo Muni Keno Gelun Kaindir Kule are available on the discussion page.
View discussion