আমার নয়নে নয়ন রাখি
পান করিতে চাও কোন অমিয়।
আছে এ আঁখিতে উষ্ণ আঁখিজল
মধুর সুধা নাই পরান-প্রিয়॥
ওগো ও শিল্পী, গলাইয়া মোরে
গড়িতে চাহ কোন মানস-প্রতিমারে,
ওগো ও পূজারি, কেন এ আরতি
জাগাতে পাষাণ-প্রণয়-দেবতারে।
এ দেহ-ভৃঙ্গারে থাকে যদি মদ
ওগো প্রেমাস্পদ, পিয়ো গো পিয়ো॥
আমারে করো গুণী, তোমার বীণা,
কাঁদিব সুরে সুরে কণ্ঠ-লীনা,
আমার মুখের মুকুরে কবি
হেরিতে চাহো কোন মানসীর ছবি।
চাহো যদি–মোরে করো গো চন্দন
তপ্ত তনু তব শীতল করিয়ো॥
Discussion
Public comments for Amar Noyone Noyon Rakhi are available on the discussion page.
View discussion