নাইয়া! ধীরে চালাও তরণি।
একে ভরা ভাদর তায় বালা মাতোয়ালা
মেঘলা রজনি॥
হায় পারে নেওয়ার ছলে নিলে মাঝ নদীতে,
যৌবন-নদী টলমল নারি রোধিতে,
ওই ব্যাকুল বাতাস হরি নিল লাজ বাস,
তায় চঞ্চল-চিত যে তুমি চাহ বধিতে,
পায়ে ধরি ছাড়ো বঁধু
আমি পরের ঘরের ঘরনি॥
তরঙ্গ ঘোর রঙ্গ করে, অঙ্গে লাগে দোল,
একী এ নেশার ঘোরে তনু মন আঁখি লোল।
দুলিছে নদী দুলে বায়ু দুলিছে তরি,
কেমনে থির রাখি মোর চিত উতরোল।
ওঠে ডিঙি পানসি ভরি বারি কী করি
কিশোরী রমণী॥
Discussion
Public comments for Naiya Dhire Chalao Toroni are available on the discussion page.
View discussion