বিশ্বজোড়া ফাঁদ পেতেছ,
কেমনে দিই ফাঁকি—
আধেক ধরা পড়েছি গো,
আধেক আছে বাকি।
কেন জানি আপনা ভুলে
বারেক হৃদয় যায় যে খুলে,
বারেক তারে ঢাকি—
আধেক ধরা পড়েছি যে,
আধেক আছে বাকি।
বাহির আমার শুক্তি যেন
কঠিন আবরণ—
অন্তরে মোর তোমার লাগি
একটি কান্না-ধন।
হৃদয় বলে তোমার দিকে
রইবে চেয়ে অনিমিখে,
চায় না কেন আঁখি—
আধেক ধরা পড়েছি যে,
আধেক আছে বাকি।
Discussion
Public comments for Bishwojora Phand Petecho are available on the discussion page.
View discussion