চন্দ্রাবলী! আজি ছাড়ি দেহ মোরে।
শ্রীদাম ডাকিছে, যাব তার কাছে,
এই নিবেদন তোরে।।
কাল আসি হাম, পুরাইব কাম,
ইথে নাহি কর রোষ।
চন্দ্রাবলী নাথ, ভুবনে বিদিত,
জগতে ঘোষয়ে দোষ।।
তুমি যে আমার, আমি যে তোমার,
বিবাদে কি ফল আছে?
লোক জানাজানি, কেন কর ধনি!
পিরীতি ভাঙ্গিবে পাছে?
দাদা বলরাম, করে অম্বেষণ,
ভ্রময়ে নগর মাঝে।
চণ্ডীদাসে কয়, সে যদি জানয়,
সবাই পড়িবে লাজে।।
Discussion
Public comments for Chandrabali Aji Chhari Deho More are available on the discussion page.
View discussion