ছুঁইওনা ছুঁইওনা বন্ধু ঐখানে থাক।
মুকুর লইয়া চাঁদ মুখ খানি দেখ।।
নয়ানের কাজর, বয়ানে লেগেছে,
কালের উপরে কাল!
প্রভাতে উঠিয়া, ওমুখ দেখিলাম,
দিন যাবে আজ ভাল।।
অধরে তাম্বুল, বয়ানে লেগেছে,
ঘুমে ঢুলু ঢুলু আঁখি।
আমা পানে চাও, ফিরিয়া দাঁড়াও,
নয়ন ভরিয়া দেখি।।
চাঁচর কেশের, চিকণ চূড়া।
সে কেন বুকের মাঝে।
সিন্দূরের দাগ, আছে সর্ব্বগায়,
মোরা হলে মরি লাজে।।
নীলকমল, ঝামরু হইয়াছে,
মলিন হইয়াছে দেহ।
কোন রসবতী, পেয়ে সুধানিধি,
নিঙড়ে লয়েছে সেহ।।
কুটিল নয়ানে, কহিছে সুন্দরী,
অধিক করিয়া ত্বরা।
কহে চণ্ডীদাস, আপন স্বভাব,
ছাড়িতে না পারে চোরা।।
Discussion
Public comments for Chuiona Chuiona Bondhu Oikhane Thako are available on the discussion page.
View discussion