জাগো শ্যামা জাগো শ্যামা
আবার রণ-চণ্ডী সাজে
তুই যদি না জাগিস মা গো
ছেলেরা তোর জাগবে না যে॥
অন্নদা তোর ছেলে মেয়ে
অন্নহারা ফেরে ধেয়ে,
বাঁচার অধিক আছি মরে, দেখে কি প্রাণে না বাজে॥
শ্মশান ভালোবাসিস যে তুই,
ভূ-ভারত আজ হল শ্মশান,
এই শ্মশানে আয় মা নেচে,
কঙ্কালে তুই জাগা মা প্রাণ।
চাই মা আলো মুক্ত বায়ু
প্রাণ চাই, চাই পরমায়ু,
মোহ-নিদ্রা ত্যাগ কর মা
শিব জাগা তুই শবের মাঝে॥
Discussion
Public comments for Jago Shyama Jago Shyama are available on the discussion page.
View discussion