জনম গেল পর দুঃখে কত বা সহিব।
কানু কানু করি কত নিশি পোহাইব।।
অন্তরে রহিল ব্যথা কুলে কি করিবে।
অনুরাগে কোন দিন গরল ভখিবে।।
মনেতে করেছি কুলে দিব তিলাঞ্জলী।
দেশান্তরি হ’ব গুরু দিঠে দিয়া বালি।।
ছাড়িনু গৃহের সাধ কানুর লাগিয়া।
পাইনু উচিৎ ফল আগে না বুঝিয়া।।
অবলা কি জানে এমত হইবে পাছে।
তবে এমন প্রেম করিবে কেন যেচে।।
ভাল মন্দ না জানিয়া সুঁপেছি হে মন।
তেঞি সে অনলে পুড়ি যায় দেহ প্রাণ।।
চণ্ডীদাস কয় প্রেম হয় সুধাময়।
কপাল ক্রমে অমৃতেতে বিষ উপজয়।।
Discussion
Public comments for Janama Gela Para Dukhe are available on the discussion page.
View discussion