কেন উচাটন মন
পরান এমন করে
কেন কাঁদে গো বধূ
বঁধুর বুকে বাসরে॥
কেন মিলন-রাতে
সলিল আঁখি-পাতে,
কেন ফাগুন-প্রাতে
সহসা বাদল ঝরে॥
ডাকিলে অনুরাগে
কেন বিদায় মাগে,
(কেন) মরিতে সাধ জাগে
পিয়ার বুকের পরে॥
ডাকিয়া ফুলবনে
থাকে সে আনমনে,
কাঁদায়ে নিরজনে
কাঁদে সে কীসের তরে॥
কবি, তোরে কে কবে
সাধিল বেণুর রবে,
ধরিতে গেলি যবে
বিঁধিল কুসুম-শরে॥
Discussion
Public comments for Keno Uchatan Mon Poran Emon Kore are available on the discussion page.
View discussion