মোরে সেই রূপে দেখা দাও হে হরি।
তুমি ব্রজের বালারে রাইকিশোরীরে
ভুলাইলে যেই রূপ ধরি॥
হরি বাজায়ো বাঁশরি সেই সাথে,
যে বাঁশি শুনিয়া ধেনু গোঠে যেত
উজান বহিত যমুনাতে।
যে নূপুর শুনে ময়ূর নাচিত
এসো হে সেই নূপুর পরি॥
নন্দ-যশোদা-কোলে গোপাল
যে রূপে খেলিতে, ক্ষীর ননী খেতে,
এসো সেই রূপে ব্রজ-দুলাল॥
যে পীতবসনে কদমতলায় নাচিতে
এসো সে বাস পরি॥
কংসে বধিলে যে রূপে শ্যাম
কুরুক্ষেত্রে হইলে সারথি
এসো সেই রূপে এ ধরাধাম।
যে রূপে গাহিলে গীতা, নারায়ণ,
এসো সে বিরাট রূপ ধরি॥
Discussion
Public comments for More Sei Rupe Dekha Dao He Hari are available on the discussion page.
View discussion