মুরলীর স্বরে, রহিবে কি ঘরে,
গোকুল যুবতীগণে?
আকুল হইয়া, বাহির হইবে,
না চাবে কুলের পানে।।
কি রঙ্গ লীলা, মিলায় শিলা,
শুনিলে সে ধ্বনি কাণে।
যমুনা পবন, স্থগিত গমন,
ভুবন মোহিত গানে।।
আনন্দ উদয়, শুধু সুধাময়,
ভেদিয়া অন্তর টানে।
মরমে জ্বালা, জীয়ে কি অবলা,
হানয়ে মদন বাণে।।
কুলবতী কুল, করে নিরমূল,
নিষেধ নাহিক মানে।
চণ্ডীদাস ভণে, রাখিও মরমে,
কি মোহিনী কালা জানে।।
Discussion
Public comments for Muralir Shore Rohibe Ki Ghore are available on the discussion page.
View discussion