তোমার কুসুমবনে আমি আসিয়াছি ভুলে।
তবু মুখপানে প্রিয় চাহো আঁখি তুলে॥
দেখি সেদিনের সম
ওগো ভুলে-যাওয়া স্মৃতি মম
তব ও-নয়নে আজও ওঠে কি না দুলে॥
ওগো ভুল করে আসিয়াছি, জানি ভুলেছ তুমিও,
তবু ক্ষণেকের তরে এ-ভুল ভেঙো না প্রিয়।
তীর্থে এসেছি মম দেবীর দেউলে॥
তোমার মাধবী-রাতে
আসিনি আমি কাঁদাতে,
কাঁদিতে এসেছি একা বিদায়-নদীর কূলে॥
Discussion
Public comments for Tomar Kusum Bone Ami Asiachhi Bhule are available on the discussion page.
View discussion