উঠিতে কিশোরী, বসিতে কিশোরী,
কিশোরী গলার হার।
কিশোরী ভজন, কিশোরী পূজন,
কিশোরী চরণ সার।।
শয়নে স্বপনে, গমনে কিশোরী,
ভোজনে কিশোরী আগে।
করে করে বাঁশী, ফিরে দিবানিশি,
কিশোরীর অনুরাগে।।
কিশোরী চরণে, পরাণ সঁপেছি,
ভাবেতে হৃদয় ভরা।
দেখহে কিশোরী, অনুগত জনে,
করোনা চরণ ছাড়া।।
কিশোরী দাস, আমি পীতবাস,
ইহাতে সন্দেহ যার।
কোটি যুগ যদি, আমারে ভজয়ে,
বিফল ভজন তার।।
কহিতে কহিতে, রসিক নাগর,
তিতল নয়ন জলে।
চণ্ডীদাস কহে, নবীন কিশোরী,
বঁধুরে করিল কোলে।।
Discussion
Public comments for Uthite Kishori Bosite Kishori are available on the discussion page.
View discussion