আগো সই কে জানে এমন রীত।
শ্যাম বঁধুর সনে, পিরীত করিয়া,
কেবা যাবে পরতীত।।
খাইতে পিরীতি, শুইতে পিরীতি,
পিরীতি স্বপনে দেখি।
পিরীতি লহরে, আকুল হইয়া,
পরাণ পিরীতি সাক্ষী।।
পিরীতি আঁখর, জপি নিরন্তর,
এক পণ তার মূল।
শ্যাম বন্ধুর সনে, পিরীতি করিয়া,
নিছিয়া দিলাম কুল।।
চণ্ডীদাস কয়, অসীম পিরীতি,
কহিতে কহিব কত।
আদর করিয়া, যতেক রাখিবে,
পিরীতি পাইবা তত।।
Discussion
Public comments for Ago Soi Ke Jane Emon Reet are available on the discussion page.
View discussion