আমি কেন হেরিলাম নবঘনশ্যাম
কালারে কালো কালিন্দী-কূলে।
সে যে বাঁশরির তানে সকরুণ গানে
ডাকিল প্রেম-কদম্ব-মূলে।
তার সাগর-অতল ডাগর আঁখির কূলে
সে কী ঢেউ উঠিল দুলে॥
সখী সে কী সকরুণ আঁখি লো
ভয়- অনুরাগ-মাখামাখি লো,
তার অশ্রু-সজল আঁখি ছলছল
দূর মেঘপানে ডাকিল॥
কেন কলস ভরিতে গেনু যমুনা-তীরে,
মোর কলাসির সাথে গেল ভাসি লাজ-কুল-মান
আকুল নীরে।
কলসির জল মোর নয়নে ভরিয়া সই
আসিনু ফিরে॥
সখী লো,তোদের সে রাই নাই,
তোদের গোকুলের রাই গোকুলে নাই,
এ-কুলে নাই ও কুলে নাই।
গোকুলের রাই গোকুলে নাই।
সে যে হারাইয়া গেছে শ্যামের রূপে লো
নবীন নীরদে বিজলি-প্রায়।
সে রবি শশী সম ডুবিয়া গেছে লো
সুনীল রূপের গগন-গায়॥
হরি-চন্দন-পঙ্কে লো সখি
শীতল করে দে জ্বালা,
দুলায়ে দে গলে বল্লভ-রূপী
শ্যাম পল্লব-মালা!
নীল কমল আর অপরাজিতার
শেজ পেতে দে লো কোমল বিথার,
পেতে দে শয্যা পেতে দে,
নীল শয্যা পেতে দে পেতে দে!
মোর শ্যামের স্মৃতির নীল শিখী-পাখা,
চূড়া বেঁধে কেশে গেঁথে দে!
পরাইয়া দে লো সখী
অঙ্গে নীলাম্বরী,
জড়াইয়া কালো বরন
আমি যেন মরি॥
Discussion
Public comments for Ami Keno Herilam Noboghonyam are available on the discussion page.
View discussion