এক শয়নে, ননদিনী সনে,
শুতিয়া আছিনু, সই!
যে ছিল মরমে, বঁধুর ভরমে,
মরম তাহারে কই।।
নিদের আলসে, বঁধুর ধাধসে,
তাহারে করিনু কোরে।
ননদী উঠিয়া, রুষিয়া বলিছে,
বঁধুয়া পাইলি কারে।
এত টীটপনা জানে কোন্ জনা,
বুঝিনু তোহারি রীতি।
কুলবতী হইয়া, পরপতি লৈয়া,
এমতি করহ নিতি।।
যে শুনি শ্রবণে, পরের বদনে,
নয়ানে দেখিনু তাই।
দাদা ঘরে এলে, করিব গোচর,
ক্ষণেক বিরাজ রাই।।
নিঠুর বচনে, কাঁপিছে পরাণ,
মরিয়া রহিনু লাজে।
ফিরাইয়া আঁখি, গরবেতে থাকি,
সঘনে আমারে যজে।।
এক হাতে সখী, কচালিয়া আঁখি,
নয়ানে দেখি যে আর।
চণ্ডীদাস কয়, কিবা কুল ভয়,
কানুর পিরীতি যার।।
Discussion
Public comments for Ek Shayane Nonodini Sone Shutiya Achinu Shoi are available on the discussion page.
View discussion