এস এস বন্ধু, করুণার সিন্ধু,
রজনী গোঙালে ভালে।
রসিকা রমণী, পেয়ে গুণমণি,
ভালত সুখেতে ছিলে?
নয়নে কাজর, কপালে সিন্দুর,
ক্ষত বিক্ষত হে হিয়া।
আঁখি ঢর ঢর, পরি নীলাম্বর,
হরি এলে হর সাজিয়া।।
ধিক্ ধিক্ নারী, পর আশাধারী,
কি বলিব বিধি তোয়।
এমত কপট, ধৃষ্ট, লম্পট, শট,
হাতেতে সোঁপিলি মোয়।।
কাঁদিয়া যামিনী, পোহালাম আমি,
তুমিত সুখেতে ছিলে?
রতি চিহ্ন সব, লইয়া মাধব,
প্রভাতে দেখাতে এলে?
এই মিনতি রাখ, ঐ খানেতে থাক,
আঙ্গিণাতে না আইস।
ছুঁইলে তোমারে, ধরমে আমারে,
না করিবে পরশ।।
লোক মুখ কত, শুনিতাম যত,
প্রতীত আজি হ’ল সব।
চণ্ডীদাস কয়, নাগর দয়াময়,
এত দয়ার স্বভাব।।
Discussion
Public comments for Esho Esho Bondhu Korunar Shindhu are available on the discussion page.
View discussion