ঘন শ্যাম শরীর কেলিরস,
যমুনাক তীর বিহার বনি।
শ্রীদাম সুদাম, ভায়া বলরাম,
সঙ্গে বসুদাম রঙ্গে কিঙ্কিনী।।
ঘন চন্দন ভাল, কাণে ফুল ডাল,
অঙ্গে গিরি লাল, কিয়ে চলনি।
লুফিছে পাঁচনি, বাজিছে কিঙ্কিণী,
পদ নূপুর ঝুনুরুনু শুনি।।
কত যন্ত্র সুতান, কলারস গান,
বাজায়ত মান, করি সুমেলে।
যব বেনু পূরে, মৃগ পাখি ঝুরে,
পুলকে তরু পল্লব পুষ্পফলে।।
কেহ রূপ চাহে, কেহ গুণ গায়ে,
কেহ প্রেমক আনন্দে বোল কহে।
চণ্ডীদাস, মনে অভিলাষ
স্বরূপ অন্তরে জাগি রহে।।
Discussion
Public comments for Ghanashyama Sharira Kelirasa are available on the discussion page.
View discussion