নিবেদন শুন শুন বিনোদ নাগর।
তোমারে ভজিয়া মোর কলঙ্ক অপার।।
পর্ব্বত সমান কুল শীল তেয়াগিয়া।
ঘরের বাহির হইলাম তোমার লাগিয়া।।
নব রে নব রে নব নব ঘনশ্যাম।
তোমার পিরীতি খানি অতি অনুপাম।।
কি দিব কি দিব বঁধু মনে করি আমি।
যে ধন তোমারে দিব সেই ধন তুমি।।
তুমি আমার প্রাণবঁধু আমি হে তোমার।
তোমার ধন তোমারে দিতে ক্ষতি কি আমার।।
দ্বিজ চণ্ডীদাসে কহে শুন শ্যাম ধন।
কৃপা করি এ দাসীরে দেহ শ্রীচরণ।।
Discussion
Public comments for Nibedan Shuno Shuno Binoda Nagara are available on the discussion page.
View discussion